বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১–০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। তবে সেই বিতর্ক নিয়ে মুখ খোলেননি এনজো ফার্নান্দেজ। বরং সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় শুরু হওয়া ম্যাচে এনজো প্রথম হলুদ কার্ড দেখেন রেফারির সঙ্গে তর্কের কারণে। পরে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসির ওপর বেপরোয়া ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ দেখেন চেলসি তারকা।
ফাইনালের পর ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে এনজো লিখেছেন, ‘আমরা আমাদের সবটুকু দিয়েই চেষ্টা করেছি। টানা দ্বিতীয়বারের মতো আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছিলাম, কিন্তু এবার হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আর্জেন্টাইন হতে পেরে আমি ভীষণ গর্বিত। গতকাল (রোববার) মাঠে নেমে দলের জন্য যদি একটু অবদান রাখতে পারতাম। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে।’
তিনি আরও বলেন, ‘সময় যত গড়ায়, মানুষ বুঝতে পারে যে শুধু একটি ফলাফলের চেয়েও বড় কিছু বিষয় থেকে যায়। বহু বছর ধরে এই দলটি দেশের প্রতিনিধিত্ব সেরা উপায়ে করে আসছে। এই দল আমাদের শিখিয়েছে যে খেলাধুলো বা প্রতিযোগিতা মানেই কেবল জয় নয়; এর আসল অর্থ হলো জার্সির জন্য নিজের সেরাটা উজার করে দেওয়া এবং শেষ পর্যন্ত হার না মানা। এমন একটি দলের অংশ হতে পারা সত্যিই সৌভাগ্যের, যারা সবসময় সামনে এসে নেতৃত্ব দিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করেছে এবং গর্ব, বিনয় ও নিষ্ঠার সাথে এই দেশের রক্ত–ঘাম দিয়ে অর্জিত রঙকে রক্ষা করেছে।’
আর্জেন্টাইন সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে এনজো লেখেন, ‘সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। পৃথিবীর যেখানেই খেলি, আপনারা আমাদের ঘরের মতো অনুভূতি দিয়েছেন। দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান, আর প্রতিবারই এই জার্সির জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাব।’
এনজোর লাল কার্ডের পর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়। ম্যাচের শেষ বাঁশি বাজার পর নাহুয়েল মলিনা দৌড়ে মাঠে গিয়ে স্পেনের অধিনায়ক রদ্রিকে পেটে আঘাত করেছেন বলে দেখা যায়। একই সময়ে মাঠের মধ্যভাগে আরেকটি বড় ধরনের হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে লিয়ান্দ্রো পারদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং পরবর্তীতে গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।
এ ছাড়া বিশৃঙ্খলার একপর্যায়ে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোকে লক্ষ্য করে ঘুষি চালাতে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আয়ালা ঘুষি মারতে এলে তাকে হাত দিয়ে সরিয়ে দেন এরিক গার্সিয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ পারদেসকে সরাসরি লাল কার্ড দেখান। এর আগে মূল খেলার শেষ দিকে তিনি এনজো ফার্নান্দেজকেও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। এ ছাড়া আর্জেন্টিনার আরও তিন খেলোয়াড় এবং প্রধান কোচ লিওনেল স্কালোনিকে হলুদ কার্ড দেখতে হয়।
এই ঘটনায় সোমবার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।