দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ (৩.৩৩ বিলিয়ন) মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।
রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে কোনো এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। চলতি মাসের মাত্র ২৮ দিনেই সেই রেকর্ড টপকে গেল দেশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং সরকারের নানামুখী উদ্যোগের ফলে এই অভাবনীয় সাফল্য এসেছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি ১৮ দশমিক ৮০ শতাংশ।
উল্লেখ্য, গত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার, যা ছিল কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড।