দেশজুড়ে টানা বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতের মধ্যেই দেশের ৭ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া দেশের সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এসএ