রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি–খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ৬ জনকে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে রাঙামাটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর গণমাধ্যমে জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নিয়ে আসা ৬ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেনমেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। গুরুতর আহতরা হলেন, জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমা (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র গণমাধ্যমে জানান, আজ সকালে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।