দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক ছাত্র হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ–পরিদর্শক নুর হোসেন গত (২২ মার্চ) শনিবার তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য তারিখ ধার্য করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসান।

গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়।

ইএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।