নারায়ণগঞ্জ জেলার গোদনাইল এলাকায় জেলা প্রশাসন ও বিজিবি যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রম্যমাণ আদালত। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত ১০টা পর্যন্ত।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ হাজার ১০০ লিটার অবৈধ মজুত ডিজেল জব্দ করি। যার দায়িত্বে এই ডিজেল ছিলো তিনি সদুত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’
তিনি আরও বলেন,‘জব্দ করা ডিজেল মেঘনা ডিপোর ডিজিএম কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে।’
অভিযানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল বারিক।
এসএ