ব্রাজিল দলের জন্য দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করে সেলেসাও বাহিনী।
প্রথম ম্যাচে হতাশাজনক ড্র করার পর এবার তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল সেলেসাও শিবির। শুধু হাইতি নয়, ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের কোনো ম্যাচই খেলতে পারবেন না নেইমার।
ব্রাজিল সংবাদপত্র ও গ্লোবোর বরাতে জানা গেছে, নেইমার তার কাফ (পায়ের পেছনের পেশি) ইনজুরির সেরে ওঠার অগ্রগতি মূল্যায়নের জন্য নতুন ইমেজিং টেস্ট করিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার ফলাফলকে “সন্তোষজনক” হিসেবে বিবেচনা করা হলেও মেডিকেল স্টাফ তাকে পুনর্বাসনের পরবর্তী ধাপে অনুমতি দেয়নি। কারণ তারা কোনোভাবেই ইনজুরি আবার বেড়ে যাওয়ার ঝুঁকি নিতে চায় না।
এ বিষয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরুক। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
বর্তমানে নেইমার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন এবং অতিরিক্ত ওজন প্রশিক্ষণ সেশন করছেন।
উল্লেখ্য, গত ১৭ মে ক্লাব সান্তোস–এর হয়ে খেলার সময় পায়ের মাংসপেশিতে ‘গ্রেড টু’ চোট পান নেইমার। চোট নিয়ে নানা অনিশ্চয়তা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপ দলে রেখেছিলেন কোচ আনচেলত্তি।
তবে টুর্নামেন্ট শুরুর পর থেকে এখনও পর্যন্ত দলের সঙ্গে একটি অনুশীলন সেশনও করতে পারেননি এই তারকা উইঙ্গার।
প্রসঙ্গত, গ্রুপ ‘সি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে হাইতি–ব্রাজিল। এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
এসএ