বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি নারী কর্মীদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটির দাবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সংরক্ষতি নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

জাতীয় সংসদে বৈষম্যহীন ও নারীবান্ধব বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বেসরকারি খাতের নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করার দাবি জানিয়েছেন সংরক্ষতি নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলাকালীন বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, সরকারি নারী কর্মীরা বর্তমানে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ভোগ করলেও দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের নারী কর্মীরা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী মাত্র চার মাসের মাতৃত্বকালীন ছুটি পান।

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেন, দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত থেকে, যেখানে ৬০ শতাংশেরও বেশি কর্মী নারী। অথচ মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের নারীদের মধ্যে স্পষ্ট বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য দূর করা সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য আরও বলেন, একজন মায়ের জন্য সন্তান জন্মদান ও পরবর্তী সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পর্যাপ্ত ছুটি নিশ্চিত করা হলে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও টেকসই হবে। একই সঙ্গে এটি নারী অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পিকারের মাধ্যমে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেট এমনভাবে প্রণয়ন করা উচিত যাতে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটির মধ্যে কোনো বৈষম্য না থাকে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দেশের লাখো নারী শ্রমিকের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More