
বিশ্বব্যাপী ভারতীয় মিডিয়া বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার (১৭ মার্চ) রাজধানী, পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তাদের (ভারতীয় মিডিয়া) ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ২০২৬ সালের মধ্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই।
দেশের তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দুই মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব্যবস্থাও করা হবে।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে ও ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা এবং তুলা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।