দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৯ জঙ্গি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৯ জঙ্গি গ্রেফতার
বান্দরবানে জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বান্দরবানে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার গভীর রাতে সদর উপজেলার টংকাবতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ মার্চ) বেলা ১২ টায় বান্দরবান জেলা পরিষদের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার জঙ্গি সদস্যরা হলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাই, নারায়ণগঞ্জের আল আমিন সর্দার,কামরাঙ্গীর চর এলাকার বাসিন্দা সাইনুন রায়হান, সিলেটে বিয়ানী বাজার এলাকার বাসিন্দা তাহিয়াদ চৌধুরী, একই জেলার শাহপরান এলাকার বাসিন্দা লোকমান মিয়া, কুমিল্লা লাকসামের ইমরান হোসেন, ঝিনাইদহ জেলার বাসিন্দা আমির হোসেন, বরিশাল জেলার বাসিন্দা আরিফুর রহমান ও ময়মনসিং জেলার বাসিন্দা শামীম মিয়া।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও ৫-৬ জন জঙ্গি পালিয়ে যায় বলেও জানান র‍্যাবের এই মুখপাত্র।

র‍্যাবের তথ্য মতে, এ নিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিভিন্ন পর্যায়ের ৫৯ জন সদস্য ও পার্বত্য অঞ্চল থেকে ৩৬ জন এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গত বছর অক্টোবর থেকে বান্দরবানে রুমা ও রোয়াংছড়ির গহীন এলাকায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও পাহাড়ে বম পার্টি হিসেবে পরিচিত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

 

এমি/দীপ্ত