প্রথমবারের মতো ৮ বিভাগে রাবির ভর্তি পরীক্ষা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাবি’র উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে।

রাবি’র জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক কামরুজ্জামান বাসসকে বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এ সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। আজ ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি (২০২৭) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটি সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More