শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ

রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ী ঢল নামায় কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌচলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (৫ আগস্ট) সকালে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে ৫ আগস্ট ২০২৩ তারিখ শনিবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

তবে, আইন–শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

জেলার ১০ উপজেলার মধ্যে ৫ উপজেলার যোগাযোগের মাধ্যম নৌপথ। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজস্থলি উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙামাটি, রাজস্থলী, বান্দরবান সড়কে।

গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ৬৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত থেকে থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে পাহাড় ধসের সম্ভাবনা থাকায়, ঝুঁকিতে বসবাস ব্যাক্তিদের নিরাপদে চলে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যহত রয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

 

এসএ/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।