দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন? বিএনপি দলীয় নাকি বাইরের কেউ, তা নির্ধারণ করা হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ৩৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করার পর বিএনপির পক্ষে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। আমাদের তো কোনো মিটিংই হয়নি এখনো। বৈঠকের পরই বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
রাষ্ট্রপতি হিসেবে আপনার নাম শোনা যাচ্ছে, আপনি আগ্রহী কি না? এই প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পল্লী উন্নয়ন মানে কেবল রাস্তাঘাট আর বাড়িঘর তৈরি করা নয়, গ্রামীণ কৃষকের আর্থিক সচ্ছলতা আনা। সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে আমাদের কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। এ সমস্যা সমাধানে গবেষকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, কৃষি মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. রফিকুল মোহামেদ, পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ ও পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক‘সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ