গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই ঘোষণা দেন। তার পরিবর্তে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি জানান, রাজনৈতিক দল ও সরকারকে আলাদা সত্তা হিসেবে বজায় রাখার স্বার্থেই তিনি দলীয় প্রধানের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এই সনদ কীভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে বর্তমানে বিতর্ক চলমান থাকলেও এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তাকে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলেও বর্তমানে তিনি শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।