
নোয়াখালীর গুলিবিদ্ধ সেই আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে সালিশ থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো.দুলাল মেম্বার (৪৭) মারা গেছেন।
সোমবার (২৯ মে) রাত পৌনে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুলাল আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কমিটির সদস্য। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সংলগ্ন রাস্তায় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও নিহতের জেঠাতো ভাই মো.হানিফ দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সেখানে থেকে সালিশ শেষে রাতে তিনি ও হাসান সহ তিনজন মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তাদের মোটরসাইকেলটি বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে কয়েকজন দূর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুটি গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। গুলি লাগে হাসানের গায়েও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করে।
সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৪ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ হচ্ছে না।
এ.এস.এম.নাসিম/আফদীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।