২০৩০ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন নেইমার!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। যেখানে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের একটি আবহ তৈরি করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, বিভিন্ন বয়সের নেইমার নিজেই নিজেকে আগামী বিশ্বকাপে খেলার জন্য রাজি করানোর চেষ্টা করছেন।

ইনস্টাগ্রামের এই পোস্টে সান্তোস তারকা আবেগ প্রকাশের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন।

নের্ড সোউল এআই নামক একটি প্রোফাইল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রাপ্তবয়স্ক দুই নেইমার এক শিশু নেইমারকে দেখছেন। এরপর সবচেয়ে বয়স্ক নেইমারটি সান্তোসের জার্সি পরা সেই ছোট্ট শিশুটির কাছে এগিয়ে যান এবং নিজেকে ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে পরিচয় দেন। শিশু নেইমার তাঁকে কিছু প্রশ্ন করে, যার মধ্যে একটি ছিলকত বছর বয়সে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল?

এই প্রশ্নে প্রাপ্তবয়স্ক নেইমার আবেগপ্রবণ হয়ে উত্তর দেন, ‘আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না। আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। আমি চাই তুমি একটা প্রশ্নের উত্তর দাওতুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’ –এআইএর তৈরি ভিডিওতে নেইমারকে এভাবে বলতে শোনা যায়।

কথা বলার এই পর্যায়ে সেখানে নেইমারের চতুর্থ আরেকটি রূপ হাজির হয়। বয়স্কদের একজন তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কোন বছর থেকে এসেছেন? তখন নবাগত সেই নেইমারের হাতের দিকে ক্যামেরা যায়, যেখানে দেখা যায় তিনি একটি বিশ্বকাপ ট্রফি ধরে আছেন এবং তাতে খোদাই করে লেখা ‘২০৩০’।

ভিডিওটি শেষ হয় শিশু নেইমারের ইতিবাচক উত্তরের মধ্য দিয়ে. ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’

এই পোস্টের কমেন্ট বক্সে সত্যিকারের নেইমার জুনিয়র ৩টি আবেগাক্রান্ত ইমোজি (ভালোবাসা ও কান্না) জুড়ে দেন।

পোস্ট করার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ভিডিওটি ৩৩ মিলিয়নেরও বেশি ভিউ পার করে ফেলে। সেই সঙ্গে ৩.৭ মিলিয়ন রিয়েকশন, ১ লাখ ৯০ হাজার কমেন্ট এবং ১ মিলিয়নেরও বেশি শেয়ার হয়।

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী নেইমার এ পর্যন্ত ৪টি বিশ্বকাপ খেলেছেন২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬। ২০৩০ সালে ১০ নম্বর জার্সিধারী তারকার বয়স হবে ৩৮ বছর।

এর আগে, তিনি ইঙ্গিত দিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপটিই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ। ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমার চলতি বিশ্বকাপে মাত্র ২টি ম্যাচ খেলতে পেরেছিলেন। যার মধ্যে ছিল নরওয়ের কাছে শেষ ১৬তে হেরে ব্রাজিলের বিদায় নেওয়ার ম্যাচটিও।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More