সারাদেশে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা করার প্রস্তুতি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট।
২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ প্রতিদ্বন্দ্বিতা করেছে মোট ৫১টি দল।
৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন মোট ৮৩ জন— দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৫ জন— দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ হাজার ২৩২ জন।
সারা দেশে ভোট গ্রহণ হয় ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে।
এসএ