প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষ ভোটের অধিকার নিয়ে যথেষ্ঠ সচেতন। আর এই সচেতনতা তার সরকারই তৈরি করেছে।’
রবিবার (৭ মে) যুক্তরাজ্যের লন্ডন ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সংবর্ধনা অনষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী গত ১৪ বছরে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
জনগণ বিএনপি–জামায়াতের ওপর আস্থা রাখবে বলে মনে করেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করেছে। জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে? জনগণ জেনে গেছে যে তারা চোর, দুর্নীতিবাজ, খুনি, গ্রেনেড হামলাকারী ও লুটেরা এবং তারা খুনিদের পৃষ্ঠপোষক।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে তার দুর্নীতির দায়ে সাজা দেয়া হয়েছে এবং খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর পাচারকৃত প্রায় ৪০ কোটি টাকা সরকার দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জাতির স্বার্থ ক্ষুণ্ন করে তার দল ক্ষমতায় যেতে চায় না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের কল্যাণ নিশ্চিতে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ।’
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোট কারচুপি করে ক্ষমতায় আসেনি।তারেক জিয়া ভোট চোর ছিলেন, তার মা ভোট চোর, আমাদের ভোট চোর বলার সাহস হয় কী করে?’
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি পুরো বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।
এফএম/দীপ্ত সংবাদ