শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যতদিন বেঁচে থাকব, ততদিন কাউকে দুর্নীতি করতে দেব না। আমি জন্ম থেকেই এই অঙ্গীকার লালন করে আসছি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর জেলার কচুয়া‘য় স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
এহছানুল হক মিলন বলেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখব।
তিনি বলেন, আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)। যারা এই অবস্থানের সঙ্গে একমত নন, তারা দায়িত্বে থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব।
শিক্ষামন্ত্রী বলেন, কচুয়া‘কে সবসময় পবিত্র ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, এসিল্যান্ড আবু নাছির, ওসি বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসএ