
দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মূলত টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা এ্যানালিটিকস বিভাগের (এসডিএডি) পরিচালক মো. আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি–রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে ব্যাংকগুলো।





