শূন্য হওয়া ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম উত্তোলন করা হয়।
মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী।
তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন ।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, এই আসনে আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম তুলতে পারেন। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে। আর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) ।
উল্লেখ্য, মির্জা ফয়সাল আমিন দীর্ঘদিন জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন তিনি শপথ নিলে ওই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
ঠাকুরগাঁও–১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে।
এসএ