দীপ্ত নিউজ
বাংলাদেশ

ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বিয়ের গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বিয়ের গাড়ি

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে পড়ে গেছে একটি বিয়ের প্রাইভেটকার। প্রাইভেটকারটি খালি থাকায় এ ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট–ঢাকা রেলপথের ফেঞ্চুগঞ্জের শাহ মালুম (র.) মাজারের পাশে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত চালকের নাম মো. হোসেন আহমদ (৩৮)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে বিয়ের প্রাইভেটকারটি রেলক্রসিংয়ের ওপর উঠে বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময়ে দ্রুত গতির পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে প্রাইভেটকারটি ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘ট্রেনের সঙ্গে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। তবে তার বুকে আঘাত প্রাপ্ত হওয়ায় পরিবারের লোকজন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

 

এসএ