আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (৮ মে) বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।
জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ থেকেই যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন।
এ প্রসঙ্গে শ্যামলী এন আর ট্রাভেলস জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকেই তাদের সব টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট বিক্রি চলছে।
তিনি আরও জানান, যাত্রীদের চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাত, ২৫ মে সারা দিন এবং ২৬ মে সকালের টিকিটে। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এসব দিনের টিকিটে বাড়তি চাপ দেখা যাচ্ছে।
এদিকে, বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।
এসএ