মানহানির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আমির হামজার পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আদালত সূত্রে জানা যায়, মানহানি মামলায় মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন।
সেই বক্তব্য ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা।
এরপরগত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মানহানি মামলাটি করেন।
এ মামলায় ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেন আদালত।
এসএ