দীপ্ত নিউজ
সারাদেশ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে আবারও গাজীপুরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা সকাল ১০টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

পুলিশ জানায়, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ–এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।

একপর্যায়ে তারা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেন শ্রমিকরা। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রায় দেড় ঘণ্টা আন্দোলনের পর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করলে বেলা সাড়ে ১১টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।