
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

শর্তসাপেক্ষে এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন খুলনার চিকিৎসকরা। এএসআই নাঈমুজ্জামান শেখকে গ্রেপ্তারের শর্ত দিয়ে তারা এই কর্মসূচি স্থগিত করেন। একই সাথে তারই স্ত্রী নুসরাত আরা ময়নার দায়ের করা ডাঃ নিশাত আব্দুল্লার বিরুদ্ধে যৌন শ্লীলতাহানীর মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
শনিবার (৪ মার্চ) বেলা পৌঁনে ১২টায় বিএমএ ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সঙ্গে বিএমএ নেতৃবৃন্দের বৈঠক শেষে শর্তসাপেক্ষে কর্মবিরতি স্থগিত করেছেন খুলনার চিকিৎসকরা। এর আগে সকাল সোয়া ১০টা থেকে পৌঁনে ১২টা পর্যন্ত দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত এ বৈঠক হয়।
শুক্রবার দুপুর সাড়ে ৩টায় বিএমএ ভবনে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ রাশিদা সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল স্থানীয় বিএমএ নেতৃবৃন্দ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা চিকিৎসকের ওপর হামলাসহ খুলনার স্বাস্থ্যবিষয়ক ব্যাপারে খোঁজখবর নেন। এরপর সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদলের সদস্যরা সার্কিট হাউজে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিএমএর সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম জানান, সিটি মেয়র এবং আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এখন থেকে চিকিৎসকরা কাজে যোগদান করবেন। তবে এক সপ্তাহের মধ্যে তাদের শর্ত পূরণ না হয়ে তারা নতুন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
যুথী/দীপ্ত





