কিশোরগঞ্জে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহে নতুন নিয়ম চালু করেছে জেলা প্রশাসন। আগামী ৫ এপ্রিল থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘বিশেষ জ্বালানি কার্ড’ ছাড়া কোনো মোটরসাইকেলে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেল মালিকদের আগামী ৪ এপ্রিলের মধ্যে এই কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড সংগ্রহ করা যাবে জেলা প্রশাসকের কার্যালয় অথবা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে। এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
কার্ড পেতে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নিবন্ধনের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আগামী ২ এপ্রিল থেকে সংশ্লিষ্ট দপ্তরে এসব কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।
অন্য জেলার বাসিন্দারা যারা কিশোরগঞ্জে অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা–বাণিজ্য শাখা থেকে কার্ড নিতে পারবেন। আর যারা বিভিন্ন উপজেলায় থাকেন, তারা সংশ্লিষ্ট ইউএনও কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করবেন।
জেলা প্রশাসন জানায়, জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্লাস্টিক বোতল বা ড্রামে জ্বালানি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলাবাজারে জ্বালানি কেনাবেচাও বন্ধ থাকবে।
নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া কার্ডের মাধ্যমে নেওয়া জ্বালানি অন্যের কাছে হস্তান্তর বা বিক্রি করা যাবে না।