দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

এবার সিরিয়ার রকেট হামলার জবাবে গোলা হামলা চালাল ইসরাইল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
এবার সিরিয়ার রকেট হামলার জবাবে গোলা হামলা চালাল ইসরাইল
সিরিয়ায় গোলা হামলা চালাল ইসরাইল। ছবি: সংগৃহীত

এবার সিরিয়ায় গোলা হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়া থেকে চালানো রকেট হামলার জবাবস্বরূপ এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। রবিবার (৯ এপ্রিল) ভোরের দিকে ইসরাইলি সশস্ত্র বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার রকেট হামলার জবাবে রকেট হামলার উৎসস্থল লক্ষ্য করে গোলা এবং ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনী আরও জানিয়েছে, রবিবার ভোরের দিকে দুই দফা রকেট হামলা চালানো হয় ইসরাইলকে লক্ষ্য করে। প্রথম দফায় তিনটি রকেট ছোঁড়া হয়, যার একটি ইসরাইল অধিকৃত গোলান মালভূমির একটি মাঠে গিয়ে পড়ে।

দ্বিতীয় দফায়ও তিনটি রকেট ছোঁড়া হয়। সেগুলো উত্তর ইসরাইলে গিয়ে পড়ে। তবে এসব রকেটের আঘাতে কেউ হতাহত হয়েছে বলে জানায়নি ইসরাইলি বাহিনী।

এ হামলা এমন এক সময়ে ঘটল, যখন লেবানন, পশ্চিম তীর, জেরুজালেম এবং আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ইসরাইলি হামলায় সিরিয়ার কেউ হতাহত হয়েছে কি না তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিরীয় সরকারও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

লেবাননভিত্তিক আল মায়াদিন টিভি জানিয়েছে, ইসরাইলে রকেট হামলার দায় স্বীকার করেছে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল–কুদস ব্রিগেড।

এফএম/দীপ্ত সংবাদ