ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ স্টিফেন ফ্লেমিং

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। সেই সঙ্গে দ্বিতীয়বারের মত টেস্ট অধিনায়ক হলেন দলের সেরা ব্যাটার জো রুট।

গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ২১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। এছাড়া ওই সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক বেন স্টোকস।

এরপর থেকে জাতীয় দলের জন্য কোচ ও অধিনায়কের খোঁজে ছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অবশেষে রুটকে অধিনায়ক হিসেব ফেরানোর পাশাপাশি নতুন কোচ হিসেবে ফ্লেমিংকে নিয়োগ দিলো ইসিবি।

অধিনায়কের দায়িত্ব পেয়ে রুট বলেন, ‘ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ার প্রস্তাব পাওয়াটা আমার জন্য অনেক বেশি সম্মান ও সৌভাগ্যের।’

তিনি আরও বলেন, ‘টেস্ট অধিনায়কত্ব বেশ কঠিন, তবে তৃপ্তিদায়ক কাজ। গত মাসে ম্যাককালামের সাথে কাজ করার সুবাদে এই দায়িত্বের স্বাদ পুনরায় পাওয়ার পর, নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উচ্ছ্বসিত।’

এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৪টি টেস্টে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন রুট। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রুট। ২শ টেস্টে ১৫,৯২১ রান নিয়ে শীর্ষে আছেন টেন্ডুলকার। ১৬৬ টেস্টে রুটের রান এখন ১৪,১১৪।

এই প্রথমবারের মত কোনো দেশের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন ফ্লেমিং। এর আগে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৭ বছর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ ছিলেন তিনি। তার অধীনে রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই।

ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেয়ে ফ্লেমিং বলেন, ‘সবসময় লক্ষ্য থাকে জয়ী হওয়া। তবে একই সঙ্গে, মধ্য ও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য দলকে সঠিক অবস্থানে নিয়ে যাওয়াটাও জরুরি।’

৫৩ বছর বয়সী ফ্লেমিং আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে জো রুটের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। রুট অসাধারণ প্রতিভার অধিকারী। ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছে সে। তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে। আমি তাকে সহায়তা করতে আগ্রহী। যাতে এই ভূমিকায় আনন্দ খুঁজে পান এবং সফল হতে পারেন। কারণ তার আগের মেয়াদের তুলনায় বর্তমান প্রেক্ষাপটটি ভিন্ন।’

কোচের দায়িত্ব পেলেও এখনই দলের সাথে যুক্ত হচ্ছেন না ফ্লেমিং। বছরের শেষের দিকে দলের সাথে যুক্ত হবেন তিনি। তাই ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক।

 

টেস্টের দায়িত্ব ছাড়লেও ইংল্যান্ডের ওয়ানডে ও টিটোয়েন্টি ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ম্যাককালাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More