ইহুদিবিদ্বেষ এবং উগ্রবাদী বক্তব্য প্রচারের অভিযোগে জনপ্রিয় বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। বর্তমানে তাকে দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া চলছে। বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
‘লেগাসি অব ফেইথ‘ সিরিজের আওতায় সিডনি, মেলবোর্ন ও ক্যানবেরাসহ অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে ওয়াজ মাহফিলে অংশ নিতে গত সোমবার (৩০ মার্চ) অস্ট্রেলিয়ায় পৌঁছান আজহারী। ব্রিসবেনে তার প্রথম প্রোগ্রামটি সম্পন্ন হলেও মঙ্গলবারই (৩১ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়।
অস্ট্রেলীয় গণমাধ্যম এবং বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে, আজহারী অতীতে বিভিন্ন সময় উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিশেষভাবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেয়া একটি ভাষণে তিনি অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি‘ হিসেবে অভিহিত করেছিলেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও ইহুদি ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক তথ্য ছড়ানোর প্রমাণ উপস্থাপন করে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সংসদ সদস্যরা সরকারের কাছে তার ভিসা বাতিলের দাবি জানান।
আজহারীকে ভিসা দেয়ার বিষয়ে অস্ট্রেলিয়ার বর্তমান লেবার সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দল লিবারেল পার্টির সিনেটর জোনাথন ডুনিয়াম পার্লামেন্টে বলেন, ‘এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে, যার বিরুদ্ধে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ঘৃণা ছড়ানোর স্পষ্ট অভিযোগ রয়েছে, তাকে অস্ট্রেলিয়ায় আসার অনুমতি দেওয়া হলো।‘
তিনি আরও উল্লেখ করেন যে, ২০২১ সালে যুক্তরাজ্যও একই কারণে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করেছিল এবং বাংলাদেশেও তার জনসভা আয়োজনে প্রশাসনের কড়াকড়ি রয়েছে।
আজহারীর এই সফরের প্রধান আয়োজক ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল‘ (আইপিডিসি)-এর সাথে ডেইলি মেইল যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।