রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন, তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ।
তিনি বলেন, যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।
সরকার গঠনের পাঁচ–ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ।
তিনি বলেন, দেশ যতবার বিপদে পড়েছে ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।
দেশে বিদ্যুৎ সংকটের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকারকে দায়ী করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলে উল্লেখ করেন চিফ হুইপ। তাঁর দাবি, যথাযথভাবে হামের টিকা না দেওয়ার কারণে বর্তমান সরকারকে এর খেসারত দিতে হচ্ছে।