দীপ্ত নিউজ
রাজনীতি

আ. লীগকে নিষিদ্ধ চেয় করা রিটের শুনানি পেছানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ. লীগকে নিষিদ্ধ চেয় করা রিটের শুনানি পেছানোর সিদ্ধান্ত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে করা রিটের শুনানি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন আদালত। আগামী রবিবার (২৫ আগস্ট) এই রিটের শুনানি হবে বলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় চেয়ে আবেদন আমলে নিয় এই শুনানির দিন পুনর্নির্ধারণ করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করেন। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই তার আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২২ আগস্ট) এই রিটের শুনানির দিন ধার্য করেছিল।

গত সোমবার (১৯ আগস্ট) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিট করেন। রিটে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র–জনতাকে হত্যার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর নিবন্ধন বাতিলের দাবি করা হয়।

এছাড়া, একই রিটে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কমপক্ষে তিন বছর করার প্রস্তাব করা হয়েছে। রিটে আরও উল্লেখ করা হয়েছে যে, বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনা এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি করা প্রয়োজন।

এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়কদের বিবাদী করা হয়েছে।

আবেদনে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনগুলো যুক্ত করা হয়েছে।

এম এম/ আল/ দীপ্ত সংবাদ