সাভার জেলায় আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর–চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তারা বাইপাইল এলাকার সড়ক অবরোধ করেন।
বাসের জন্য অপেক্ষারত শ্রমিক বলেন, গতকাল (সোমবার) পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্ম দিবস ছিল। তাই শ্রমিকরা অফিস শেষে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাস চালক ও হেলপার অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবিতে এই মহাসড়ক অবরোধ।
মো. মুখলেস নামে এক যাত্রী বলেন, ‘আমি ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুর যাচ্ছি। ৩০০ টাকার ভাড়া এখন ১০০০ টাকা চাচ্ছে। এই সমস্যার সমাধান চাই।’
পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু ডাবল ভাড়া চাচ্ছে বাস চালক, হেলপার। আমি রাজশাহী যাবো। আগে ৫০০ টাকা ভাড়া ছিল কিন্তু আজ ১ হাজার টাকা ভাড়া চাওয়া হচ্ছে। পোশাক শ্রমিকরা অতিরিক্ত ভাড়া কোথায় পাবে।
সাভার হাইওয়ে থানা ইনচার্জ শেখ শাহজাহান বলেন, শিল্পকারখানা ছুটি হওয়ায় সড়কে যাত্রীর চাপ বেশি। তবে সড়কে বাসের সংখ্যা তুলনামূলক কম।
উল্লেখ্য, , ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এসএ