অপরাজিত থেকেও কপাল পুড়ল ইরানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আলজেরিয়া ও অস্ট্রিয়া উভয় দলই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে, আর অপরাজিত থেকেও বিদায় নিতে হয়েছে ইরানকে।

আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার নাটকীয় ম্যাচটি ৩–৩ গোলে ড্র হওয়ার ফলে কপাল পুড়েছে ইরানের। এই ড্রয়ের মাধ্যমে আলজেরিয়া ও অস্ট্রিয়া উভয় দলই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে, আর অপরাজিত থেকেও বিদায় নিতে হয়েছে ইরানকে।

ম্যাচটি ছিল সমীকরণের লড়াই। অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যেকোনো এক দল পরাজিত হলেই ইরান নকআউট পর্বে খেলার সুযোগ পেত। তবে কানসাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই একে অপরের সমানে সমান লড়াই করেছে। অস্ট্রিয়া দুইবার এগিয়ে গেলেও আলজেরিয়া বারবার ম্যাচে ফিরে আসে। ২৮ মিনিটে মার্কো আরনাউতোভিচের গোলে অস্ট্রিয়া এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ মিনিটে গোল শোধ করেন রফিক বেলঘালি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে মার্সেল জাবিৎসার গোল করে অস্ট্রিয়াকে ফের এগিয়ে দেন, কিন্তু ৫ মিনিট পরই রিয়াদ মাহরেজ গোল করে সমতা ফেরান।

ম্যাচের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মাহরেজ নিজের দ্বিতীয় গোল করলে আলজেরিয়া জয়ের পথে এগিয়ে যায়। কিন্তু নির্ধারিত চার মিনিট ইনজুরি টাইমের পরও খেলা চলতে থাকায় সুযোগ পায় অস্ট্রিয়া। ষষ্ঠ মিনিটে সাসা খালাইজিচ গোল করে ম্যাচ ৩–৩ গোলে ড্র করেন।

এই ফলাফলের ভিত্তিতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া গ্রুপ রানার্স–আপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আলজেরিয়া সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে শেষ ৩২–এর টিকিট পেয়েছে। নকআউট পর্বে অস্ট্রিয়া খেলবে স্পেনের বিপক্ষে এবং আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। অন্যদিকে, গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচই ড্র করা ইরান কোনো ম্যাচ না হেরেও বিদায় নিতে বাধ্য হলো। একই গ্রুপের অন্য ম্যাচে জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More