দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুবাইয়ের প্রবাসীদের মুক্তির জন্য পিটিশন করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দুবাইয়ের প্রবাসীদের মুক্তির জন্য পিটিশন করা হবে

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যে বাংলাদেশি প্রবাসীদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির লক্ষ্যে পিটিশন করা হবে। এ কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতীন।

বুধবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আরেকটি বিষয়ে আমরা পিটিশন করতে চাই। সেটা হলো আমাদের দেশের প্রবাসীরা অনেক কষ্ট করে দুবাই যান। তারা জানতেন যে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেটা জেনেও তারা মাঠে নেমেছেন, কারাবরণ করেছেন। তাদের সাহসিকতাকে সম্মান জানাই এবং তাদের বিষয়ে সরকারের যে নীরবতা, সে বিষয়ে নিন্দা জানাই। সরকার তাদের মুক্তির জন্য যেন পদক্ষেপ নেয় সে বিষয়ে আমরা পিটিশন করব।

এর আগে জানানো হয়, আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হচ্ছে না। জানা গেছে, বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।