দীপ্ত নিউজ
জাতীয়

কোটা সংস্কার: আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কোটা সংস্কার: আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন কোটাবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাবির শহীদুল্লাহ হলের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের এক দফা দাবিতে সারা দেশে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরও যদি কোটা বাতিল করা না হয় তবে পরে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজ পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকার পরও বহিরাগতরা কীভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রধানমন্ত্রীকে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করতে হবে।

এই আন্দোলনে দেশের সবাইকে গণজমায়েতের আহ্বান জানিয়েছেন তারা।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ