শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

মহানবীকে নিয়ে কটূক্তি: জবি ছাত্রীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মহানবীকে নিয়ে কটূক্তি: জবি ছাত্রীর কারাদণ্ড

মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

সোমবার (১৩ মে) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিথি সরকারের পক্ষে তার আইনজীবী প্রবেশন চেয়ে আবেদন করেন। আদালত এক বছরের প্রবেশন মঞ্জুর করেন।

এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

এরপর চলতি বছরের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে উপপরিদর্শক মেহেদী হাসান তাদের দুই জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

উল্লেখ্য, ২০২০ সালে ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর তার পরিবার থেকে অভিযোগ আসে তিথি নিখোঁজ। গত বছরের ১১ নভেম্বর নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে তিথি সরকারকে এবং তার স্বামী শিপলু মল্লিককে রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ