দীপ্ত নিউজ
প্রবাস

রমজানে আমিরাতে মূল্যছাড়ের হিড়িক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রমজানে আমিরাতে মূল্যছাড়ের হিড়িক
আমিরাতে পণ্যের ওপর মূল্যছাড়ের হিড়িক। ছবি: সংগৃহীত

রমজানে বাংলাদেশে পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও সংযুক্ত আরব আমিরাতে উল্টো চিত্র দেখা দেয়। দেশটিতে রমজানে আসলে প্রতিবছর নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাসের মহাসমারোহ দেখা যায়।

সিয়াম সাধনার মাসটিতে সংযুক্ত আরব আমিরাত জুড়ে সুপারমার্কেটগুলোতে পণ্যে মূল্যছাড়ের হিড়িক পড়ে যায়। সে ধারাবাহিকতায় এ বছর দেশটিতে দশ হাজার পণ্যে মূল্যছাড় দেয়া হবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়। যেখানে ভোজ্যতেল, চাল ও আটার মতো বেশ কয়েকটি জরুরি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এমন তথ্য প্রকাশ করেন অ্যারাবিয়ান বিজনেস নাম একটি গণমাধ্যম।

প্রতিবেদনে দেশটির ভোক্তা সুরক্ষা বিভাগের পরিচালক ড. হাশিম সাঈদ আল নুয়াইমি বলেছেন, ‘নির্বাচিত’ পণ্যগুলি কমদামে বিক্রি করাসহ বেশিরভাগ পণ্যের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ ছাড় থাকবে। এবং রমজান মাসে ৪৫০টি অভিযান পরিচালনা করা হবে বলে ও জানান তিনি। এসব অভিযানে সমবায় সমিতি, আউটলেট, মুদি দোকান এবং আমিরাতজুড়ে মাংস, মুরগি এবং মাছের বাজারগুলিকে মনিটর করবে।

তিনি আরও বলেছেন, ভোক্তাদের সুরক্ষায় এবং বাজারের স্থিতিশীলতা বাড়াতে রমজান মাসে মন্ত্রণালয় বেশ কিছু সচেতনতামূলক উদ্যোগ নেবে। এই ক্ষেত্রে ভোক্তারা তাদের অভিযোগ হটলাইন ৬০০৫২২২২৫ নম্বরে নথিভুক্ত করতে পারবেন। এবং কল সেন্টারটি সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে।

এদিকে আমিরাতের অন্য এক প্রভাবশালী দৈনিক খালিজ টাইসম সূত্রে জানা গেছে, শারজাহ সমবায় সমিতিও রমজান উপলক্ষে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এছাড়া সাপ্তাহিক অফারের অংশ হিসেবে এর বাইরেও আরও পণ্যে ছাড় দেয়া হবে। ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে এই ছাড় কার্যকর হয়েছে।

শুধু মূল্যছাড়েই থেমে থাকেনি প্রতিষ্ঠানটি। এর সঙ্গে রমজানের প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, প্রতিটি ৫ হাজার দিরহাম মূল্যের ৩০টি আসবাবপত্রের গিফট কার্ড এবং ১ হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড ক্রেতাদের দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এ ক্ষেত্রে শর্ত হলো: যারা ৩০০ দিরহাম বা এর বেশি মূল্যের পণ্য ক্রয় করবেন তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

এদিকে গত মঙ্গলবার দুবাইভিত্তিক খুচরাবিক্রেতা ইউনিয়ন কোপ চার হাজার পণ্যের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।

আমিরাতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এবারের রমজান মাসে দুবাইয়ের বাজারে শাকসবজি এবং ফলের দৈনিক আমদানি ২১ হাজার টনে পৌঁছাবে এবং আবুধাবিতে দৈনিক আমদানি ৪ হাজার টন ছাড়িয়ে যাবে।

মাহাবুব/এজে/দীপ্ত সংবাদ