দীপ্ত নিউজ
জাতীয়

নারীরা ৩ বার লিপস্টিক লাগাচ্ছেন: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারীরা ৩ বার লিপস্টিক লাগাচ্ছেন: বাণিজ্যমন্ত্রী

দেশে নিত্যপণ্যের দাম অনেকটা বাড়লেও নিজের এলাকার (রংপুর) মানুষ কষ্টে নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাঁর এলাকার ‘নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছেন, চারবার স্যান্ডেল বদলাচ্ছেন।’

বুধবার (৮ নভেম্বর) দুপুরে ঢাকায় সচিবালয়ে জাতীয় ট্যারিফ পলিসির তদারক ও পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি খুব ভালো করেই জানি, এলাকার মানুষের সমস্যা নেই।’

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল। তখন আমি প্রথম নির্বাচন করি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। তাদের কোনো কষ্ট নেই। সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে। আমি খুব ভালো জানি আমার কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, ধরেন, আমার এলাকা, আমার এলাকার মানুষের কষ্ট নেই। কারণ তারা আলুর দাম পাচ্ছে। আমাদের তো কৃষিভিত্তিক এলাকা। একেকটা এলাকা একেক রকম। ঢাকা শহরে যে নির্বাচন করবে, তার অনেক সমস্যা।

এসময় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। এরপর তাদের কয়েকটি সংগঠনের নেতারা অসন্তোষ প্রকাশ করে শুক্রবার নতুন করে সমাবেশের ডাক দিয়েছে। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, একশ ভাগ শান্তি ঠিক করা যায় না। কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যারা খুশি না, তারা যদি ২০ হাজার টাকা বেতন পেতেন, তাহলে তারা খুশি হতেন। আমাদের একটি জায়গায় আসতে হবে, যেখানে দুপক্ষই রক্ষা হয়। সেখানে ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।