
মাটিরাঙায় বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মো. আরিফ হোসেন (১৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। সে মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, বিকালের দিকে বৃষ্টির মধ্যে এক আত্মীয়ের বাড়িতে যাবার পথে তাজুল ইসলামের বাগানের সামনে গেলে আকস্মিক বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাঁর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। তিনি নিহতের মা–বাবাসহ স্বজনদের স্বান্তনা দেন ও মরদেহ দাফনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পিতা আবুল হোসেনের হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ







