বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের জমি দখল করে আ.লীগ নেতা টানালো দলীয় সাইনবোর্ড

Avatar photoAdib Jamal

ঝালকাঠির নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধে এক শিক্ষকের জমি দখল করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টানানোর অভিযোগ উঠেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা তালতলা বাজার এলাকার বাসিন্দা শিক্ষক মো. রফিকুল ইসলাম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তালতলা বাজারের মজকুনি মৌজার সাড়ে ১৯ শতাংশ জমিতে তিনি একটি ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন। পাশাপাশি ওই জমিতে তাঁর টিনসেডের একটি কাঠের ঘর ও দুটি টিনসেডের দোকান ঘর রয়েছে। গত ১৪ জানুয়ারি সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদার এবং তাঁর দুই ছেলে মাছুম সিকদার ও মামুন সিকদার লোকজন নিয়ে ওই দোকানঘর দুটি দখল করে। তাঁরা একটি দোকানের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে দেয়। অন্য দোকানটি থেকে মালামাল সরিয়ে সাইকেলের গ্যারেজ করে তা ভাড়া দিয়ে দেন। এ ঘটনায় ওই শিক্ষক পরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামালা করেন। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নলছিটি থানার ওসিকে নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম ও ভাই কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদার বলেন, জমির প্রকৃত মালিকদের কাছ থেকে তাঁর দুই ছেলে ১০ শতাংশ জমি ক্রয় করেছেন। ওই জমিতে সাইনবোর্ড টানানো হয়েছে।

 

খালিদ হাসান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More