শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মসজিদের মোতাওয়াল্লীর কক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
মসজিদের মোতাওয়াল্লীর কক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

ফেনীর সোনাগাজীর একটি মসজিদের মোতাওয়াল্লীর কক্ষ থেকে অস্ত্র, গুলি ও চাপাতি উদ্ধার করেছে র‌্যাব–৭।

শনিবার (২৬ আগস্ট) রাতে ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার সংলগ্ন হাবিবিয়া জামে মসজিদে অভিযানের সময় র‌্যাব এসব অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব–৭ ফেনী ক্যাম্পের ডিএডি নুরুল আলম বাদী হয়ে রবিবার (২৭ আগস্ট) বিকেলে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হাবিবিয়া মসজিদ ঘেরাও করেন। পরে এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের তৃতীয় তলার একটি কক্ষের সামনে যায় র‌্যাব সদস্যরা। আগে থেকে কক্ষটি তালাবদ্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশী করা হয়। এসময় ওই কক্ষ থেকে একটি ওয়ান শুটারগান, ৬টি কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

মামলার একমাত্র আসামি অভিযুক্ত মোতাওয়াল্লী আবদুল্লাহ অভিযানের বিষয় টের পেয়ে পালিয়ে যায়। তিনি একই এলাকার বাসিন্দা। আব্দুল্লাহ সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যাচেষ্টা মামলার আসামি হুজি সদস্য আবু ওবায়দা হারুনের ছোট ভাই।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, যে কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি ব্যবহার করতেন মোতাওয়াল্লী আব্দুল্লাহ। র‌্যাব আসার আগেই সে কক্ষ তালাবদ্ধ করে পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।