
রামপালে পুলিশের নামে টাকা আদায়, গ্রেফতার ১

বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামে এক নারীর কাছ থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা আদায়ের ঘটনায় মিজানুর রহমান ওরফে বোমা মিজান নামের (৫৫) এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) বিকালে রামপাল উপজেলার থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী মিজানের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা করেন। গ্রেফতার মিজানুর রহমান ওরফে বোমা মিজান উপজেলার রাজনগর ইউপির কালেখারবেড় গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।
রামপাল থানার (ওসি) এস.এম আশরাফুল আলম বলেন, পুলিশের নাম করে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগী নারী তাসলিমা বেগমের কাছ থেকে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয় মিজান। বিষয়টি ওই নারী পুলিশকে জানালে পুলিশের একটি চৌকস টিম মিজানুর রহমান শেখকে রামপাল থানা এলাকা থেকে আটক করে।
আটক মিজানের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক প্রতারণার অভিযোগসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।
এমি/দীপ্ত সংবাদ





