
দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ

বাংলাদেশে জেলাভিত্তিক মোট প্রজনন হার ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, যা ৩ দশমিক ৫০। অন্যদিকে খুলনার বাগেরহাটে এ হার সবচেয়ে কম মাত্র ১.৫০। এ ছাড়া বাল্যবিবাহের হারে দেশের সব জেলাকে ছাড়িয়ে শীর্ষে জয়পুরহাট।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস‘ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। অর্থাৎ ভোলার প্রজনন হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি।
ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০; লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।
অন্যদিকে বাগেরহাটের পর সবচেয়ে কম প্রজনন হার যশোর, রাজবাড়ী ও নওগাঁ জেলায়। এসব জেলায় প্রজনন হার ১ দশমিক ৭০। এ ছাড়া কুষ্টিয়া ও মানিকগঞ্জে এ হার ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে ১ দশমিক ৯০।
প্রতিবেদনে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে বাল্যবিবাহের হারে দেশের সব জেলাকে ছাড়িয়ে শীর্ষে জয়পুরহাট। বাল্যবিবাহের হারে দেশের ১০ জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জয়পুরহাট। প্রকাশিত একটি জেলা–ভিত্তিক পরিসংখ্যানে ২০২৫ সালে জেলাটিতে বাল্যবিবাহের হার দেখানো হয়েছে ৫৭.৪ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা, যেখানে হার ৫৪.৮ শতাংশ।
তালিকার শীর্ষ ১০ জেলার মধ্যে রয়েছে—জয়পুরহাট ৫৭.৪ শতাংশ, সাতক্ষীরা ৫৪.৮ শতাংশ, কুষ্টিয়া ৫২ শতাংশ, মেহেরপুর ৫১.৫ শতাংশ, মানিকগঞ্জ ৫০.৬ শতাংশ, খুলনা ৪৯.৯ শতাংশ, যশোর ৪৯ শতাংশ, রাজশাহী ৪৮.৮ শতাংশ, ঝিনাইদহ ৪৮.২ শতাংশ এবং শরীয়তপুর ৪৭.৯ শতাংশ।
বাল্যবিবাহের এই পরিসংখ্যান জয়পুরহাটের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করছে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত সচেতনতা এবং কার্যকর উদ্যোগ জরুরি।








