
বৃষ্টির ফাঁদে অসহায় নওগাঁর কৃষকরা, হাসি নেই মুখে

উত্তরের খাদ্যভান্ডার নওগাঁর মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। কৃষকরা কোথাও পাকা ধান কাটছেন, কোথাও চলছে মাড়াই, আবার কোথাও কাটা ধান শুকিয়ে ঘরে তোলার প্রস্তুতি চলছে। হঠাৎ কয়েক দিনের বৃষ্টির কারণে এমন দৃশ্য হারিয়ে গেছে।
কয়েক মাসের শ্রম, ঘাম আর বিনিয়োগের পর ফলনও হয়েছে আশানুরূপ। কিন্তু ফসল ঘরে তোলার এই মাহেন্দ্রক্ষণে বৈরী আবহাওয়ার বৃষ্টি যেন কৃষকের আনন্দকে বিষাদে পরিণত করেছে। টানা বৃষ্টিতে জমির পাকা ও কাটা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর কৃষকরা।
শুধু আমন ধান নয়, বৃষ্টির প্রভাবে ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে শীতকালীন সবজি চাষেও। বিভিন্ন সবজির জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে লাউ, আলু, শিম, বেগুন, করলা ও ফুলকপিসহ নানা জাতের ফসল। কোথাও সদ্য রোপণ করা সবজির চারা পানিতে তলিয়ে গেছে, কোথাও বৃষ্টির পানি জমে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বোরো ধানের বীজতলা। ফলে একদিকে পাকা আমন ধান দ্রুত ঘরে তোলার তাড়া, অন্যদিকে সবজি ও বীজতলা রক্ষার চেষ্টা। সব মিলিয়ে উদ্বেগ–উৎকণ্ঠায় সময় কাটছে কৃষকের।
জেলার বিস্তীর্ণ কৃষিজমিতে এখন আমন ধান কাটার ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক ও শ্রমিকদের পদচারণায় মুখর থাকার কথা মাঠ। কিন্তু বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। অনেক জমিতে কেটে রাখা ধান পড়ে রয়েছে। আবার কোথাও পাকা ও আধাপাকা ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়েছে। বাধ্য হয়েই অনেক কৃষকরা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া আমনধান কাটছেন। সময়মতো রোদ না পেলে কাটা ধানে আর্দ্রতা বেড়ে রং ও গুণগত মান নষ্ট হওয়া, এমনকি ধান অঙ্কুরিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
কৃষকদের কাছে আমন ধান কেবল একটি মৌসুমি ফসল নয়, বরং সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এই ফসল ঘরে তুলেই অনেক কৃষক সংসারের খরচ, ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নেন। ফলে ভালো ফলন পাওয়ার পরও বৈরী আবহাওয়ার কারণে সেই ফসল ঘরে তুলতে না পারার শঙ্কা তাদের আনন্দকে ম্লান করে দিয়েছে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমির পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। নিচু জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে সদ্য রোপণ করা শীতকালীন সবজির ক্ষেত এবং বোরো ধানের বীজতলায় পানি জমে থাকায় চারা ও শিকড় পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির পাশাপাশি উৎপাদন খরচ বৃদ্ধি, কৃষি শ্রমিকের সংকট এবং বাজারে ধানের ন্যায্যমূল্য না পাওয়ার চাপও রয়েছে। একদিকে ফসল রক্ষার লড়াই, অন্যদিকে উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখার অনিশ্চয়তা। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তারা।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ বছর উচ্চফলনশীল ব্রি ধান–৪৯, ব্রি ধান–৮৬, ব্রি ধান–৯০, ব্রি ধান–৯৩, ব্রি ধান–৯৪, ব্রি ধান–৯৫, ব্রি ধান–১০৩, ব্রি ধান–৩৯ ও বিনা ধান–১৭সহ প্রচলিত স্বর্ণা–৫, সুভলতা, জিরাশাইল ও সেন্টু পাইজাম–২১ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকরা। কৃষি বিভাগের হিসাবে, অনুকূল আবহাওয়া ও নিবিড় পরিচর্যায় এবার হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ টন ফলন পাওয়া গেছে। উৎপাদিত ধান থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ ছাড়া চলতি মৌসুমে জেলায় প্রায় ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে।
জেলার সদর উপজেলার বাগাচারা এলাকার কৃষক মোয়াজ্জেম হোসেন বলেন, চলতি মৌসুমে প্রায় দুই একর জমিতে আমন ধানের আবাদ করেছেন তিনি। ফলনও হয়েছে বেশ ভালো। কিন্তু বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সময়মতো ধান ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ভালো ফলনের পাশাপাশি ধানের আশানুরূপ দাম পেলেই তাদের পরিশ্রম সার্থক হবে বলে জানান তিনি।
জেলার রাণীনগর উপজেলার কৃষক মিজানুর সরদার বলেন, তিন একর জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। ফলন ভালো হলেও কয়েক দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে জমির ধান কেটে মাঠেই ফেলে রাখতে হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তিনি।
সদর উপজেলার খামার আতিতা গ্রামের সবজি চাষি নাজমুল হোসেন বলেন, এক বিঘা জমিতে আলুর আবাদ করতে তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। আর এক মাসের মধ্যে ক্ষেত থেকে আলু তোলার কথা ছিল। সব খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বৃষ্টিতে ক্ষেতের ক্ষতি হওয়ায় এখন সেই প্রত্যাশা অনিশ্চিত হয়ে পড়েছে। আরও কয়েক দিন বৃষ্টি হলে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে যাবে বলে জানান তিনি।
একই গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, এক বিঘা জমিতে শিম এবং আরেক বিঘা জমিতে ফুলকপির চারা রোপণ করেছিলেন। কিন্তু বৃষ্টিতে সবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে লাভের আশা তো দূরের কথা, উৎপাদন খরচ তুলে আনাও কঠিন হয়ে পড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. খলিলুর রহমান বলেন, আশা করা হচ্ছে, দু–এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। ফসলের ক্ষতি কমাতে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
আব্দুর রউফ রিপন








