
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার, বাদ রিজওয়ান-সাইম-মাসুদ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার ৩৮ জন পুরুষ ক্রিকেটারের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।
আজ ঘোষিত এই কেন্দ্রীয় চুক্তি পিসিবির জন্য প্রথম, যেখানে ঐতিহ্যবাহী এ, বি, সি ও ডি– এই চার গ্রেডের শ্রেণিবিন্যাস পদ্ধতি থেকে সরে এসে পাঁচটি স্বতন্ত্র বিভাগভিত্তিক নতুন কাঠামো চালু করা হয়েছে। খেলোয়াড়দের নির্দিষ্ট ফরম্যাটের ভিত্তিতে এই নতুন চুক্তি দেওয়া হয়েছে।
ইংল্যান্ড সফরে বাজে ভাবে টেস্ট সিরিজে হারের পর থেকে আলোচনায় ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ও ইমাম–উল–হকের বিরুদ্ধে সম্ভাব্য জুয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। এমনকি তদন্তের নামে রিজওয়ানের ফোন জব্দ করে রাখা নিয়ে বারবার অভিযোগ করে আসছিলেন তিনি। এবার অভিজ্ঞ এই তারকা ব্যাটারকে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।
চুক্তি থেকে ঝরে পড়া ক্রিকেটারদের মধ্যে আছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। একইভাবে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি– হাসান আলি, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসি জুনিয়রের।
সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা রয়েছেন সর্বোচ্চ স্তরের ট্র্যাক এবি– টেস্ট ও ওয়ানডে বিভাগে। এই বিভাগে আছেন শুধু এই দুই ক্রিকেটার।
অন্যদিকে, ওয়ানডে ও টি–টোয়েন্টি আন্তর্জাতিক– দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বিসি’তে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।
শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ–তে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। আর টি–টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য নির্ধারিত ট্র্যাক সিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
এ ছাড়া ১৯ জন উদীয়মান ক্রিকেটারকে নিয়ে ডেভেলপমেন্ট বিভাগ চালু করেছে পিসিবি। এই বিভাগে রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি ও রাজাউল্লাহসহ অন্যরা।
কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত ক্রিকেটারদের তালিকা
চুক্তি (টেস্ট ও ওয়ানডে)
বাবর আজম ও সালমান আলী আগা
চুক্তি (টেস্ট)
আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল
চুক্তি (ওয়ানডে ও টি–টোয়েন্টি)
আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
চুক্তি (টি–টোয়েন্টি)
হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
চুক্তি (ডেভেলপমেন্ট)
আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজেব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।








