
সেন্টমার্টিনে আটকা পড়া সাড়ে ৩০০ পর্যটক টেকনাফ ফিরলেন ট্রলারে

বৈরী আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিন আটকা পড়া পর্যটকদের মধ্যে সাড়ে ৩০০ জন ট্রলার করে টেকনাফ ফিরেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০টি ট্রলারে করে তারা দ্বীপ ছাড়েন।
তবে ট্রলারের সংকট থাকায় এখনো অনেক পর্যটক জেটিঘাটে অপেক্ষা করছেন।
উত্তাল সাগরের কারণে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা প্রশাসন। এতে কক্সবাজার থেকে সেন্টমার্টিন বেড়াতে যাওয়া প্রায় হাজার পর্যটক আটকা পড়েন।
টেকনাফ–সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতি সভাপতি আব্দুর রশিদ শনিবার দুপুরে বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তাদের কারও কারও আর্থিক সংকট দেখা দিয়েছে। তাদের কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে মোট সাড়ে তিনশ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। ট্রলারের সংকট থাকায় আরও অনেক পর্যটক সেন্টমার্টিন জেটিঘাট অপেক্ষা করছেন।
সেন্টমার্টিন জেটিঘাটে পরিবার সদস্যদের নিয়ে অপেক্ষা করছিলেন রাজশাহী থেকে আসা পর্যটক খলিলুর রহমান।
তিনি জানান, পরিবারের ৯ সদস্যকে নিয়ে আনন্দভ্রমণে সেন্টমার্টিন এসেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছেন। আনন্দভ্রমণ এখন দুর্ভোগে পরিণত হয়েছে। ভ্রমণের বাজেটও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছাড়তে চান। এখন ট্রলারের জন্য অপেক্ষা করছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট পৌঁছাবেন। আর যারা দ্বীপে থাকতে চান, তারা সেখানে অবস্থান করছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক সেন্টমার্টিন থেকে টেকনাফ ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর ৫ নভেম্বর থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ পথে ৫টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। এ ছাড়া ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।








