
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীগণের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য ১৬/১১/২০২৬ খ্রিস্টাব্দ সোমবার পূর্বাহ্ন ১১:০০ ঘটিকায় শ্রম অধিদপ্তরে (লেভেল-১৯, শ্রম অধিদপ্তর, প্রধান কার্যালয়, শ্রম ভবন, ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০) অনুষ্ঠেয় মজুরী বোর্ডের ৩য় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’
শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আজ সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা ছিল।








