
গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০ টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এবং কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকেরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।
এছাড়াও মহানগরীর কোনাবাড়ী,জরুন ও কাশিমপুর এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষ রয়েছে। শ্রমিকরা সকালে অফিসে গেলেও কাজ না করে কারখানা থেকে বের হয়ে আসে।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
২০০৬ সালের শ্রমআইনের ১৩(১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানাসহ মৌচাক ও কোনাবাড়ী এলাকার ১৩ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুরে প্রায় ২১শ পোশাক কারখানা রয়েছে। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ক্রমাগত অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলেও তিনি জানান।








