
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ছাত্র– জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। তাঁর আবেদন নিয়ে কিছু গণমাধ্যম যে শিরোনাম করেছে তা বিভ্রান্তিকর, এসব শিরোনাম জনমনে বিভ্রান্তি ছড়ায়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) নিজের ফেসবুকে পোস্ট করেন।
পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
এ বিষয়ে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌও অনুরোধটি সঠিক কিনা–সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই–মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’
তিনি জানান, মেট্রিক্স চেম্বার নামক প্রতিষ্ঠান থেকে আসলে কী মেইল করেছে, সেটি কমেন্টে যুক্ত করেছি। তবে, মেইলে সেই প্রতিষ্ঠান নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে লেখেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
তিনি আরও জানান, পাসপোর্টের আবেদন ব্যক্তিকে নিজেকেই করতে হয়। বাংলাদেশে ই–পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণ করতে হয়। এরপর পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। এপি ও রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো ফরম জমা দেওয়া বা বায়োমেট্রিক তথ্য দেওয়ার উল্লেখ নেই। ফলে ম্যাট্রিক্স চেম্বার্স নামক সেই প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিটি আনুষ্ঠানিক আবেদন নয়, মূলত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ।








